জনবাণী ডিজিটালে সংবাদ প্রকাশের পর মারফত আলীর পাশে ইউএনও

নেত্রকোণার আটপাড়ায় ৯০ বছর বয়সী অসহায় মারফত আলীর পরিবারের দুর্দশার খবর প্রকাশের পর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। বৃদ্ধের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা, পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও পোশাক দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারটির অন্যান্য প্রয়োজনেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) উপজেলার শুনই ইউনিয়নের উত্তর মনসুরপুর গ্রামে মারফত আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ইউএনও। জনবাণী ডিজিটালে প্রকাশিত প্রতিবেদনটি তাঁর নজরে আসার পরই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি।
৯০ বছর বয়সী মারফত আলী দীর্ঘদিন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও ইট ভাঙা ও মানুষের বাড়িতে কাজ করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাতেন। কয়েক দিন আগে বাড়ির কলপাড়ে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। এরপর থেকে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনের পথ।
মারফত আলীর স্ত্রী জায়েদা আক্তার (৬০) বাক্প্রতিবন্ধী। দুই মেয়ের মধ্যে শারমিনের বিয়ে হয়েছে। অন্য মেয়ে নাজমা আক্তার মানসিক ভারসাম্যহীন। ফলে পরিবারের সদস্যদের জীবন কাটছে নানা প্রতিবন্ধকতা ও অসহায়ত্বের মধ্যে।
বিজ্ঞাপন
প্রায় ১০ বছর ধরে অন্যের আশ্রয়ে বসবাস করছেন তাঁরা। সরকারি প্রতিবন্ধী ভাতা ও এলাকাবাসীর সহযোগিতায় কোনোমতে চলছিল সংসার। কিন্তু মারফত আলীর পা ভেঙে যাওয়ার পর চিকিৎসার খরচ ও খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে।
পরিবারটির দুর্দশার চিত্র তুলে ধরে জনবাণী ডিজিটালে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের। এরপর তিনি সরেজমিনে গিয়ে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও পোশাক দিয়ে সহায়তা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন, ‘জনবাণী ডিজিটালে প্রচারিত সংবাদটি আমার নজরে আসার পরই পরিবারটির খোঁজখবর নেওয়ার উদ্যোগ নিই। তাঁদের অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মারফত আলীর চিকিৎসার জন্য নগদ অর্থ, পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির অন্যান্য প্রয়োজনের বিষয়েও খোঁজখবর নেওয়া হবে।’
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় পরিবারটির পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ প্রশংসনীয়। তবে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসা, খাদ্যনিরাপত্তা ও নিরাপদ আবাসনের ব্যবস্থাও প্রয়োজন।
৯০ বছর বয়সেও পরিবারের জন্য পরিশ্রম করে যাওয়া মারফত আলী আজ নিজেই অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের মানবিক উদ্যোগ পরিবারটিকে নতুন করে আশার আলো দেখিয়েছে। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও সহযোগিতার ধারাবাহিকতায় নিশ্চিত হবে চিকিৎসা, খাবার ও একটি নিরাপদ আশ্রয়।








