Logo

গাছ কাটায় কমছে গো-বকের বাসা, বিপন্ন কৃষকের বন্ধু

profile picture
উপজেলা প্রতিনিধি
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
১২ নভেম্বর, ২০২৬, ১৩:৫৭
গাছ কাটায় কমছে গো-বকের বাসা, বিপন্ন কৃষকের বন্ধু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একসময় মাঠে-ঘাটে গবাদি পশুর সঙ্গে দেখা মিলত সাদা গো-বকের। ধানক্ষেত ও জলাভূমির আশপাশে বিচরণ করে ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করত পাখিটি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গো-বক পরিচিত কৃষকবন্ধু হিসেবে। তবে গাছ কাটা, মানুষের উপদ্রব ও প্রজনন আবাস ধ্বংসের কারণে উপকারী এই পাখির অস্তিত্ব এখন হুমকির মুখে।

বিজ্ঞাপন

গো-বকের বৈজ্ঞানিক নাম Bubulcus ibis। সম্প্রতি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘জার্নাল অব থ্রেটেন্ড ট্যাক্সা’য় প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের গো-বকের প্রজনন কলোনি কমে যাওয়ার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৫৭টি গো-বকের প্রজনন কলোনি হারিয়ে গেছে।

‘নেস্টিং কলোনিজ অ্যান্ড ব্রিডিং ইকোলজি অব দ্য ক্যাটল ইগ্রেট বিউবুলকাস আইবিস ইন নর্দার্ন অ্যান্ড নর্থইস্টার্ন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান ও অধ্যাপক ড. মো. কামরুল হাসানের যৌথ দিকনির্দেশনায় পরিচালিত হয়। গবেষণায় নেতৃত্ব দেন আল্লামা শিবলী সাদিক।

২০১৭ সালের মার্চ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দেশের ২৪টি জেলায় অনুসন্ধান চালিয়ে গো-বকের প্রজনন ও আবাসস্থলের তথ্য সংগ্রহ করেন গবেষকরা। এ সময় মোট ২১৮টি কলোনির স্থান শনাক্ত করা হয়। এর মধ্যে ১২৩টি সক্রিয় প্রজনন কলোনি এবং ৩৮টি নৈশ আবাসন হিসেবে ব্যবহৃত স্থান পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ ছাড়া জলাভূমির আশপাশ, মিশ্র কৃষি অঞ্চল, চা-বাগান, আমবাগান ও বসতবাড়ির কাছাকাছি গাছেও গো-বকের বাসা পাওয়া গেছে। এসব স্থান পাখিটির প্রজনন ও আবাসনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, ধ্বংস হওয়া গো-বকের কলোনিগুলোর ৬৬ শতাংশ ক্ষেত্রে গাছ বা বাঁশঝাড় কেটে ফেলাই ছিল প্রধান কারণ। অন্যদিকে, ৪৪ শতাংশ ক্ষেত্রে স্থানীয় মানুষের উপদ্রব, বাসা থেকে ডিম ও ছানা চুরি, পাখিকে গুলি করা কিংবা বিষ প্রয়োগের মতো কর্মকাণ্ডের কারণে কলোনি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে গো-বক।

গবেষণায় উঠে এসেছে, গো-বকের বড় সক্রিয় প্রজনন কলোনিগুলোর প্রায় ৯৯ শতাংশ জমি ব্যক্তি মালিকানাধীন। প্রজনন মৌসুমে একসঙ্গে অসংখ্য পাখির অবস্থানের কারণে এসব এলাকায় দুর্গন্ধ ছড়ায়। পাখির বিষ্ঠায় বাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়ে জং ধরে নষ্ট হয়। পাশাপাশি পুকুরে মাছ চাষেও সমস্যা তৈরি হয় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

গবেষণা দলের প্রধান ও বন অধিদপ্তরের গবেষক শিবলী সাদিক বলেন, “এ সব পাখি কৃষিক্ষেত্রে ক্ষতিকর পোকা দমন ও জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কলোনি রক্ষাকারী গাছের মালিকদের সামান্য বার্ষিক ক্ষতিপূরণ বা প্রণোদনা দেওয়া হলে মানুষ পাখি সংরক্ষণে উৎসাহিত হবে।”

গো-বক সংরক্ষণে গবেষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। এর মধ্যে রয়েছে—

- পাখির প্রজনন কলোনি রক্ষাকারী জমি ও বাড়ির মালিকদের বার্ষিক উপযুক্ত প্রণোদনা দেওয়া।

বিজ্ঞাপন

- প্রজনন মৌসুমে গো-বক শিকার, ডিম ও ছানা সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ করা।

- বন্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করা।

- মে থেকে আগস্ট পর্যন্ত প্রজনন মৌসুমে চিহ্নিত কলোনির আশপাশের গাছ ও বাঁশঝাড় কাটা বন্ধ রাখা।

বিজ্ঞাপন

- স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটিভিত্তিক সুরক্ষা বলয় গড়ে তোলা।

গবেষকদের মতে, পরিকল্পিত সংরক্ষণ উদ্যোগ ও স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নবীনগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকের বন্ধু গো-বকের আবাসস্থল ও প্রজনন কলোনি রক্ষা করা সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD