আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নারীরা। বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তাঁর বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে অভিযোগ তুলে তদন্ত এবং জবাবদিহির দাবি জানিয়েছেন তাঁরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালেসহ’ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ নানা অনুষ্ঠানে নারীদের নিয়ে মুফতি আমির হামজার বক্তব্য ও মন্তব্য তাঁদের কাছে অসম্মানজনক মনে হয়েছে। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করছে বলে অভিযোগ করেন তাঁরা।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে শালীন ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তাঁরা।
তাঁরা অভিযোগগুলোর যথাযথ তদন্ত করে মুফতি আমির হামজাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে মুফতি আমির হামজার পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিক্ষোভকারীরা।
বিজ্ঞাপন
নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।
এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগ ও দাবির বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।








