Logo

মুসলিম বন্ধুর শেষ বিদায়ে দূরে দাঁড়িয়ে অশ্রুসিক্ত হিন্দু বন্ধু

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১২ নভেম্বর, ২০২৬, ১৪:৪২
মুসলিম বন্ধুর শেষ বিদায়ে দূরে দাঁড়িয়ে অশ্রুসিক্ত হিন্দু বন্ধু
ছবি: সংগৃহীত

ধর্মীয় পরিচয় আলাদা হলেও দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো দেয়াল হয়ে দাঁড়ায়নি সেই ভিন্নতা। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা মুসলিম বন্ধুর মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে ছুটে এলেন হিন্দু বাল্যবন্ধু। নিচে চলছিল জানাজা, আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন তিনি। দুই বন্ধুর এমন মানবিক সম্পর্কের দৃশ্য আবেগাপ্লুত করেছে স্থানীয়দের।

বিজ্ঞাপন

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। বার্ধক্যজনিত কারণে ৭০ বছর বয়সী কৃষক আব্দুল হাকিম ডাকুয়ার মৃত্যু হলে খবর পেয়ে সেখানে উপস্থিত হন তাঁর দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)।

বন্ধুর জানাজায় উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে তিনি ব্রিজের এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন। সেখান থেকেই শেষবারের মতো বন্ধুকে দেখেন সুরেশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা সুরেশ বলেন, 'আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! ধর্ম আলাদা হলেও আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না। সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি।'

বিজ্ঞাপন

দীর্ঘদিনের বন্ধুর প্রতি সুরেশের এই টান যেন আবারও মনে করিয়ে দিল, মানুষের সম্পর্কের গভীরতা ধর্মীয় পরিচয়ের সীমারেখায় আটকে থাকে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD