Logo

এবার আরও কমে গেল সোনার দাম, ভরিতে ছাড় ২১৫৮ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১২:২২
এবার আরও কমে গেল সোনার দাম, ভরিতে ছাড় ২১৫৮ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা চতুর্থ দফায় মূল্যবান এই ধাতুর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। অন্যদিকে, অলঙ্কার বিনিময় ও পুরোনো গয়না কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার নিয়মসহ বাজুসের আগের নির্দেশনা বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সোনার দাম কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বিজ্ঞাপন

এরও আগে ১১ নভেম্বর সকালে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। তখন নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একইভাবে ৬ নভেম্বরও এই ক্যাটাগরির সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে চার দফায় ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা। ফলে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে কমে বর্তমানে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD