Logo

জ্বালানি তেল সরবরাহে নতুন সংকট, বাড়তি দরে চুক্তি নিয়ে প্রশ্ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৭:০৫
জ্বালানি তেল সরবরাহে নতুন সংকট, বাড়তি দরে চুক্তি নিয়ে প্রশ্ন
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নভেম্বরে আসার কথা থাকা জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির ১১টি চালান সরবরাহে অপারগতা প্রকাশ করেছে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। একই সময়ে বিকল্প ব্যবস্থায় বেশি প্রিমিয়ামে জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে। সরবরাহ সংকটকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি ব্যবসায়ী গোষ্ঠী বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে কি না, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. এজাজুর রহমানের ব্যবসায়িক সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, জ্বালানি সরবরাহকারী কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে তার মালিকানাধীন প্রতিষ্ঠান কাজ করছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, নভেম্বরের নির্ধারিত চালানগুলো সময়মতো দেশে না পৌঁছালে ডিসেম্বরের জ্বালানি চাহিদা পূরণে চাপ তৈরি হতে পারে। তাই সরবরাহে ব্যর্থতার কারণ, স্থানীয় এজেন্টদের ভূমিকা এবং বিকল্প আমদানির চুক্তিগুলো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

জ্বালানি আমদানিতে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ডিজেল ও জেট ফুয়েল কেনার নতুন কার্যাদেশ নিয়ে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তিতে ডিজেলের প্রিমিয়াম যেখানে ব্যারেলপ্রতি ৯ দশমিক ৫০ ডলার এবং জেট ফুয়েলের ক্ষেত্রে ১০ দশমিক ১৫ ডলার ছিল, সেখানে উন্মুক্ত দরপত্রের আওতায় ভিটল এশিয়ার জন্য এই হার নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৬৮ ও ১৭ দশমিক ৮৮ ডলার।

বিজ্ঞাপন

প্যাকেজ-০২-এর আওতায় ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পেয়েছে ভিটল এশিয়া পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির প্রিমিয়ামের তুলনায় এই প্যাকেজে অতিরিক্ত ব্যয় হবে ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ১৮২ কোটি টাকা।

এদিকে জ্বালানি আমদানির ক্ষেত্রে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিপিসি গত সেপ্টেম্বরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ৫ হাজার টন ডিজেল এবং ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করেছিল। ওই প্রস্তাবে ডিজেলের প্রিমিয়াম ব্যারেলপ্রতি ১৪ দশমিক ৮৫ ডলার এবং জেট ফুয়েলের ১৬ দশমিক ৪৯ ডলার নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রিমিয়াম বেশি হওয়ায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন করেনি।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, পরবর্তী সময়ে এর চেয়েও বেশি প্রিমিয়ামে গোপন প্রক্রিয়ায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভিটল এশিয়াকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ফলে তুলনামূলক কম দামে জ্বালানি সংগ্রহের সুযোগ থাকার পরও কেন বেশি ব্যয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জ্বালানি তেল আমদানির ব্যবসায় দীর্ঘদিন ধরে ডা. এজাজুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি আলোচনায় রয়েছে। অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে তার মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেড।

নভেম্বরে সরবরাহে অপারগতা প্রকাশ করা কয়েকটি চালানের স্থানীয় ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রেও তার প্রতিষ্ঠানগুলোর নাম এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ কারণে সরবরাহ ব্যর্থতা এবং পরবর্তী সময়ে বেশি প্রিমিয়ামে বিকল্প জ্বালানি কেনার সিদ্ধান্তের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে।

বিজ্ঞাপন

বিপিসি সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের জি-টু-জি ক্রয় সূচিতে থাকা ১১টি চালান সরবরাহে অপারগতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বরের তিনটি ডিজেল এবং একটি জেট ফুয়েল চালান। এ ছাড়া ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের ১০ নভেম্বরের ডিজেল এবং ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের ২৩ নভেম্বরের মোগাস চালানও রয়েছে।

এসব চালান নভেম্বরের মধ্যেই দেশে পৌঁছানোর কথা ছিল। এগুলোর মাধ্যমে ডিসেম্বরের জ্বালানি চাহিদার একটি অংশ পূরণের পরিকল্পনা করেছিল বিপিসি।

সংশ্লিষ্টদের প্রশ্ন, জি-টু-জি চুক্তির আওতায় সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হওয়ার পর বিকল্প ব্যবস্থা নিতে গিয়ে কেন বেশি প্রিমিয়ামে জ্বালানি কেনা হচ্ছে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, বিপিসির পরিচালক (অপারেশন) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্টদের দাবি, ডিপিএম পদ্ধতিতে আগ্রহী সরবরাহকারীদের তালিকা থেকে কম দামে প্রতিষ্ঠান বাছাইয়ের সুযোগ থাকলেও সেটি কাজে লাগানো হয়নি। পরিবর্তে বেশি প্রিমিয়ামে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে।

এতে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি কোনো ধরনের আর্থিক সমঝোতা কিংবা বিদেশে অর্থ পাচারের সুযোগ তৈরি হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টন সরবরাহের দায়িত্ব পেয়েছে এমন প্রতিষ্ঠান, যাদের সঙ্গে ডা. এজাজুর রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর স্থানীয় প্রতিনিধি বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের অভিযোগ, দরপত্রের কিছু শর্ত এমনভাবে নির্ধারণ করা হচ্ছে, যাতে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান সুবিধা পায়। এতে নতুন সরবরাহকারীদের বাজারে প্রবেশের সুযোগ কমছে এবং জ্বালানি আমদানিতে একটি ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব বাড়ছে। তাদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে এজাজুর রহমান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রায় ৭৮ শতাংশ কার্যাদেশ পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত জুন থেকে আগস্ট মেয়াদের জ্বালানি আমদানির দরপত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। ওই তিন মাসের জন্য চারটি প্যাকেজে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল।

প্যাকেজগুলোর মধ্যে পিজি-১-এর আওতায় ৩ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ ৯০ হাজার টন ডিজেল এবং ৭০ হাজার থেকে ৯০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের দায়িত্ব পায় ইউনিপেক সিঙ্গাপুর।

বিজ্ঞাপন

পিজি-২ প্যাকেজে ৩ লাখ থেকে ৩ লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ৬০ হাজার থেকে ৮০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ভিটল এশিয়া।

পিজি-৩-এর আওতায় দেড় লাখ থেকে দুই লাখ টন ফার্নেস অয়েল সরবরাহের দায়িত্ব পায় ট্রাফিগুরা। অন্যদিকে পিজি-৪-এর অধীনে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন অকটেন সরবরাহের কার্যাদেশও পায় ভিটল এশিয়া।

সরকার পরিবর্তনের পর জি-টু-জি পদ্ধতিতে জ্বালানি কেনার ক্ষেত্রে প্রিমিয়াম কমিয়ে বিপিসির অর্থ সাশ্রয়ের নজিরও রয়েছে।

বিজ্ঞাপন

২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে জি-টু-জি ভিত্তিতে আমদানি করা জ্বালানি তেলের প্রিমিয়াম কমিয়ে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার সাশ্রয় হয়েছিল বলে জানিয়েছিলেন তৎকালীন বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান।

তার বক্তব্য অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, উন্মুক্ত দরপত্রের তুলনায় জি-টু-জি পদ্ধতিতে কেনা তেলের প্রিমিয়াম ব্যারেলপ্রতি দুই থেকে আড়াই ডলার বেশি ছিল। পরে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে উন্মুক্ত দরপত্রের চেয়ে অন্তত এক পয়সা কম প্রিমিয়ামে জি-টু-জি পদ্ধতিতে তেল সরবরাহের শর্ত দেওয়া হয়। এর ফলে ছয় মাসে বিপিসির প্রায় ৪২ মিলিয়ন ডলার সাশ্রয় হয়।

বিপিসির বক্তব্য ও বিশেষজ্ঞদের পরামর্শ

বিজ্ঞাপন

জ্বালানি সরবরাহে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় না কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।’

ডা. এজাজুর রহমানের সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে কার্যাদেশ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিপিসি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বাইরে গিয়ে সরবরাহকারী নির্বাচন করতে পারে না। তবে নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকটি কোম্পানি তালিকাভুক্ত হতে পারে।

অন্যদিকে, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম মনে করেন, জ্বালানি তেলের দরপত্র প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেটের প্রভাব থাকার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

তার মতে, কোনো সরবরাহকারী চুক্তি অনুযায়ী নির্ধারিত চালান দিতে ব্যর্থ হলে এর কারণে রাষ্ট্রের যে আর্থিক ক্ষতি হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা উচিত। প্রয়োজনে চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্ত করার ব্যবস্থাও নিতে হবে।

বিপিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ১১টি বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের জন্য তালিকাভুক্ত। প্রতিষ্ঠানগুলো হলো ইউনিপেক সিঙ্গাপুর, পিটি বুমি সিয়াক পুসাকু-জাপিন ইন্দোনেশিয়া, পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি মালয়েশিয়া, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং থাইল্যান্ড, ওকিউ ট্রেডিং ওমান, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর, অ্যামিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইনোক), ইন্ডিয়ান অয়েল করপোরেশন, নুমালিগড় রিফাইনারি, ভিটল এশিয়া এবং সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল সিঙ্গাপুর।

এসব প্রতিষ্ঠান জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসিকে পরিশোধিত জ্বালানি সরবরাহ করে।

এদিকে, ঢাকার কারওয়ান বাজারে বিটিএমসি ভবনের দশম তলায় বিপিসির লিয়াজোঁ কার্যালয় অবস্থিত। একই ভবনের অষ্টম তলায় ডা. এজাজুর রহমানের ট্রান্সবাংলা কমোডিটিজ এবং সপ্তম তলায় সেভেন মার্কের কার্যালয় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জ্বালানি সরবরাহে অনিয়ম এবং বেশি দরে কার্যাদেশ দেওয়ার অভিযোগ সম্পর্কে ডা. এজাজুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্য কোনো মাধ্যমেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে জ্বালানি আমদানির ক্ষেত্রে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। জি-টু-জি চুক্তির আওতায় সরবরাহে অপারগতার পেছনে প্রকৃত কারণ কী, বিকল্প আমদানিতে বেশি প্রিমিয়াম নির্ধারণের যৌক্তিকতা কতটুকু এবং নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব কতটা বিস্তৃত—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করা জরুরি। একই সঙ্গে রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক ক্ষতি ঠেকাতে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD