১৮১ কোটি টাকায় চিনি ও মসুর ডাল কিনবে সরকার

দেশের বাজারে সরবরাহ ও সরকারি চাহিদা মেটাতে ১০ হাজার মেট্রিক টন চিনি এবং সমপরিমাণ মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ দুই পণ্য সংগ্রহে মোট ১৮০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চিনি ও মসুর ডাল কেনার পৃথক দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে, ১০ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। ৫০ কেজি ওজনের বস্তায় সরবরাহ করা হবে এসব চিনি। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি কেজির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৩ টাকা ৯৫ পয়সা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দরপত্রে সর্বনিম্ন দর প্রস্তাব করায় চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের (ফ্রেশ) নাম সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকার গুলশান-১ এলাকায় অবস্থিত ফ্রেশ ভিলায়।
অন্যদিকে, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। এই ডালও ৫০ কেজির বস্তায় সরবরাহ করা হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি কেজির দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।
বিজ্ঞাপন
এ পণ্য সরবরাহের জন্য দরপত্রে সুপারিশ পেয়েছে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকার কারওয়ান বাজারের টি কে ভবনে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিনি ও মসুর ডাল—উভয় পণ্যই ই-জিপি প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে ২০ হাজার মেট্রিক টন খাদ্যপণ্য সংগ্রহে সরকারের মোট ব্যয় দাঁড়াবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে চিনির জন্য বরাদ্দ ১০৩ কোটি ৯৫ লাখ এবং মসুর ডালের জন্য ৭৬ কোটি ৭৭ লাখ টাকা।








