Logo

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ১৮:০৩
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দর বেড়েছে।

বিজ্ঞাপন

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে আন্তর্জাতিক বাজারে এই দর রেকর্ড করা হয়।

দিনের শুরুতে এশিয়ার বাজারে লেনদেনের সময় দুই ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমে গিয়েছিল। তবে পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিকভাবে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ার বিষয়টি বাজারের গতিপ্রকৃতিতে প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা বর্তমানে যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির পরিবর্তন আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতি না হলে তেলের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD