Logo

এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কিনছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৭:২৬
এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কিনছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ আরও জোরদার করছে সরকার। এর অংশ হিসেবে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস এবং সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংসহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব পর্যালোচনা করে জাপানের প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত একই কমিটির বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। তবে তখন এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) খসড়া এবং টার্ম শিট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মাধ্যমে যাচাই করে গুরুত্বপূর্ণ শর্ত সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ভেটিং সম্পন্ন ও চুক্তির খসড়া সংশোধন করে নতুন করে প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেরা গ্লোবাল মার্কেটসের সঙ্গে প্রস্তাবিত এলএনজি ক্রয় চুক্তি ও টার্ম শিট বাধ্যতামূলক নয়। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে চুক্তি বাতিলের সুযোগও রাখা হয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান এডনক ট্রেডিং লিমিটেডের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

প্রস্তাবে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সরবরাহের পাশাপাশি স্বল্পমেয়াদি আমদানির বিকল্পও বিবেচনায় নিচ্ছে সরকার।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে এডনক ট্রেডিং বাংলাদেশে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহের আগ্রহ জানিয়ে প্রস্তাব দেয়। পেট্রোবাংলা প্রস্তাবটি পর্যালোচনার পর প্রয়োজনীয় অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠায়।

প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে এলএনজি সরবরাহ করতে পারে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২০২৭ সালে ছয়টি, ২০২৮ সালে ছয় থেকে ১২টি এবং ২০২৯ সালে ১২টি কার্গো সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রতিটি কার্গোতে আনুমানিক ৩০ লাখ থেকে ৩৫ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে। প্রয়োজনে এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ সরবরাহের সুযোগও রাখা হয়েছে।

দাম নির্ধারণের প্রস্তাবে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের সঙ্গে শূন্য দশমিক ১১ মার্কিন ডলার যোগ করে হিসাব করার কথা বলা হয়েছে। তবে এই দর এখনো চূড়ান্ত নয় এবং তা বাধ্যতামূলক হিসেবেও বিবেচিত হবে না। নীতিগত অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং অনুযায়ী চূড়ান্ত ক্রয়চুক্তি সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

এদিকে একই বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো নাইজেরিয়ার ওজিমাদু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজ্জি জেমস বীহাইভ। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির পরিধি বাড়ানোর অংশ হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD