Logo

শীতের আগাম সবজিতে বাজার সস্তা, কমেছে মুরগি ও ডিমের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১২:০৬
শীতের আগাম সবজিতে বাজার সস্তা, কমেছে মুরগি ও ডিমের দাম
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম কমতে শুরু করেছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দামেও কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছের বাজারে এখনো চড়া দাম বহাল রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে একই ফুলকপি কিনতে ক্রেতাদের গুনতে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলুর দামও কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকায় নেমেছে। অন্যদিকে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।

এ ছাড়া কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সবজি বিক্রেতা ইমরান জানান, বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে। বিভিন্ন এলাকা থেকে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।

আরেক বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতকালীন সবজি বাজারে আসছে। আগামী কয়েক দিনে সরবরাহ আরও বাড়বে। এতে সবজির দাম আরও কমতে পারে। গত সপ্তাহের তুলনায় এবার বাজারে সবজির আমদানি বেশি হওয়ায় দাম কমেছে।

এদিকে মুরগির বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। দীর্ঘ কয়েক মাস ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে দাম কমে ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

ফার্মের বাদামি রঙের ডিমের দামও ডজনে ১০ টাকা কমেছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

তবে মাছের বাজারে দামের তেমন পরিবর্তন হয়নি। গত সপ্তাহের মতোই আকারভেদে প্রতি কেজি রুই মাছ ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছের দাম কেজিপ্রতি ২০০ টাকা। এ ছাড়া চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাঙাশ নয়, পাপদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। ফলে সবজি, মুরগি ও ডিমে কিছুটা স্বস্তি মিললেও মাছ কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD