Logo

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে মিরপুর বিআরটিএতে আনসারের অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ২০:০২
দালালদের দৌরাত্ম্য ঠেকাতে মিরপুর বিআরটিএতে আনসারের অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।

আনসার বাহিনী জানায়, সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন কয়েকজন। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে এলে গার্ড ইনচার্জ পিসি মো. মফিজ উদ্দিন ও এপিসি মো. আল মিজানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় দালালচক্রের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করা হয়। তাঁরা হলেন—মো. জাহাঙ্গীর (৩৫), সেনপাড়া পর্বতা এলাকার বাসিন্দা এবং মো. মনির হোসেন (৫২), মিরপুর-১৩-এর বাইশটেকি এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান (আদালত-০৩) আটক দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে পিসি মো. মফিজ উদ্দিন নেতৃত্ব দেন। এ ছাড়া এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য রোকনুজ্জামান ও শাহিন আলম অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

সরকারি সেবাপ্রতিষ্ঠানে দালালচক্রের তৎপরতা বন্ধ, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD