ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণ দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবন এলাকায়। এতে এক গাড়িচালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভবনের ওপরের কোনো তলা থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কলা ভবনের ওপরের কোনো তলা থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দেশীয় অস্ত্র চাপাতিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, “ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে আমরা সবসময়ই সচেতন। আতঙ্ক ছড়ানোর জন্য এসব করা হচ্ছে। আমরা শক্ত হাতে এগুলো প্রতিহত করবো।”








