রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
বিজ্ঞাপন
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। তাদের গ্রামের বাড়ি বরিশাল সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে আদর দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে বসবাস করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদরের বাবা উজ্জ্বল চৌধুরী জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনেরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
বর্তমানে আদর আলী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বিস্ফোরণে কিশোরটির শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।








