Logo

রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, চলছে সন্দেহভাজনদের তল্লাশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৭:০০
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, চলছে সন্দেহভাজনদের তল্লাশি
ছবি: সংগৃহীত

রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকা মহানগরজুড়ে বিশেষ অভিযান ও নজরদারি শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর জানমালের সুরক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল কার্যক্রম।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপরও নজরদারি করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএমপির এই কর্মকর্তা জানান, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজধানীর সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের সুরক্ষায় ডিএমপি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

নগরীর সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের চেকপোস্ট, তল্লাশি ও পুলিশি নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD