ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ অতীতের সব উদ্বেগ ছাড়িয়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। গত পাঁচ বছরের পরিসংখ্যানেও ঋণের এই অনিয়মিত অবস্থার ধারাবাহিক অবনতি স্পষ্ট হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি ব্যাংক খাতের খেলাপি ঋণের চিত্র তুলে ধরেন।
সংসদে দেওয়া তথ্যে দেখা যায়, ২০২২ সালে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর বিতরণ করা মোট ঋণের বিপরীতে খেলাপির হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তী বছরগুলোতে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ২০২৪ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞাপন
২০২৫ সালে বিতরণ করা মোট ঋণের পরিমাণ বেড়ে ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকায় দাঁড়ায়। একই সময়ে খেলাপি ঋণও বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকায় পৌঁছায়। সে বছর খেলাপি ঋণের হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ।
সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিকের হিসাবে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা খেলাপি, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ও হার দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের ঘটনায় সৃষ্ট আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এ বিষয়ে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের তথ্য অনুসন্ধান এবং বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি ঠেকাতে নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের ক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোসহ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।








