Logo

এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা বাড়তি ব্যয়ের প্রশ্নে জবাব দেননি অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৭:৪৬
এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা বাড়তি ব্যয়ের প্রশ্নে জবাব দেননি অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। প্রকল্পটির ব্যয় ও মালিকানা নিয়ে প্রশ্ন তুলে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও সরাসরি কোনো জবাব দেননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রমে বিষয়টি উত্থাপন করেন আখতার হোসেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন টার্মিনাল নির্মাণের দায়িত্ব পাওয়া কোম্পানিটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে দেশে চালু থাকা দুটি এলএনজি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার।

বিজ্ঞাপন

বিরোধী জোটের এই সংসদ সদস্যের দাবি, বিদ্যমান দুটি টার্মিনালের চুক্তির মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট জাহাজ ও অন্যান্য সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনালের ক্ষেত্রে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষ হওয়ার পরও মালিকানা বাংলাদেশের হাতে ফিরবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রকল্পের প্রস্তাব নিয়ে আরও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তাঁর অভিযোগ, কয়েক মাস আগে একই ভাষা ও পদ্ধতিতে একজন সদস্যের নাতির মালিকানাধীন একটি কোম্পানির পক্ষ থেকেও এ ধরনের প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলেও তা বাতিল করা হয়। পরবর্তী সময়ে নতুন করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

আখতার হোসেন বলেন, বর্তমান দুটি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করলে নতুন প্রকল্পে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অর্থ লোপাটের আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে অতিরিক্ত প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় সরকার কোনো পদক্ষেপ নেবে কি না, অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করছি, আপনি এই বিষয়টি আলাদাভাবে প্রশ্ন করে নিয়ে আসেন, এটা নোটিশ দেন। সঠিক উত্তর দেওয়া হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই।’

অর্থমন্ত্রীর এই বক্তব্যে প্রকল্পের অতিরিক্ত ব্যয়, ক্যাপাসিটি চার্জ ও মালিকানা নিয়ে সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগগুলোর সরাসরি ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি বিষয়টি নিয়ে আলাদা নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD