Logo

নাগরিক দুর্ভোগ ও অভিযোগ জানতে মির্জা আব্বাসের নতুন উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৯:৪৬
নাগরিক দুর্ভোগ ও অভিযোগ জানতে মির্জা আব্বাসের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

এলাকাবাসীর সমস্যা, প্রত্যাশা, অনিয়ম ও নাগরিক ভোগান্তির কথা সরাসরি জানতে ‘অভিযোগ বক্স’ চালু করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাদপুরে নিজের বাসভবনে এ ব্যবস্থা চালু করে ঢাকা-৮ আসনের বাসিন্দাদের লিখিত অভিযোগ, পরামর্শ ও মতামত জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে ঢাকা-৮ আসনের বাসিন্দারা দৈনন্দিন নাগরিক দুর্ভোগ, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানি, অনিয়মসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় লিখিতভাবে তুলে ধরতে পারবেন।

এই উদ্যোগের বিশেষ দিক হলো, অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি বিষয় নিজে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবেন মির্জা আব্বাস। অভিযোগের ধরন ও গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা-৮ আসনের বাসিন্দাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিন। আপনাদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই জনপ্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব।’

ঢাকা-৮ আসনকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আপনার সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা আমাদের জানান। আপনাদের কণ্ঠস্বরই হোক এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক। জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD