Logo

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক বসতে পারে বৃহস্পতিবার বা শনিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৯:২৭
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক বসতে পারে বৃহস্পতিবার বা শনিবার
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক আগামী বৃহস্পতিবার অথবা শনিবার অনুষ্ঠিত হতে পারে। তৃতীয় বৈঠক স্থগিত হওয়ার পর নতুন তারিখ নির্ধারণের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে বোর্ডের কার্যক্রমে মালিক ও শ্রমিকপক্ষের একজন করে উপদেষ্টা যুক্ত করার প্রস্তাবও সামনে এসেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালিকপক্ষের উপদেষ্টা হিসেবে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজুর নাম প্রস্তাব করা হয়েছে।

তবে উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে মজুরি বোর্ড।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকপক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মজুরি বোর্ড।’

বিজ্ঞাপন

এদিকে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ায় অসন্তোষ জানিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতা নাজমা আক্তার ও তৌহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়া জরুরি ছিল। প্রয়োজনে মালিকপক্ষের মজুরি প্রস্তাব পাওয়ার পর বৈঠক মুলতবি করা যেত।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাদের মতে, বোর্ডের কোরাম পূর্ণ থাকলে বৈঠক আয়োজনের সুযোগ ছিল। শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কাম্য নয়।

শিল্পাঞ্চলে চলমান অসন্তোষের মধ্যে বৈঠক পিছিয়ে যাওয়ায় শ্রমিকদের অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দ্রুত বৈঠক আয়োজনের মাধ্যমে মজুরি নির্ধারণের আলোচনা এগিয়ে নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে মালিকপক্ষ জানায়, মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে অংশ নেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিল। প্রস্তুতি থাকা সত্ত্বেও বৈঠক স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানায় তারা। মজুরি নির্ধারণের আলোচনা দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করার পক্ষেও মত দিয়েছে মালিকপক্ষ।

বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকপক্ষ এই পরিমাণ বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব এবং আলোচনার ভিত্তিতে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে মজুরি বোর্ড।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্য সামনে রেখে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া হবে। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার পাশাপাশি তা বাস্তবায়নের সময়সূচিও নির্ভর করছে বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের ওপর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD