Logo

নবম শ্রেণি থেকেই ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৯:৩৬
নবম শ্রেণি থেকেই ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

দেশের স্কুল-কলেজগুলোতে কারিগরি বা ভোকেশনাল শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পড়াশোনার সঙ্গে খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

বিজ্ঞাপন

ভাষাগত দক্ষতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী জানান, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শেখার সুযোগ দেওয়া হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিতে পারবে তারা। সম্ভাব্য ভাষার তালিকায় ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

বৃক্ষরোপণে উৎসাহ দিতে তিনি বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্ব পালন করতে হবে। পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধের সমন্বয় ঘটাতে পারলেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হয়ে উঠবে।

এদিকে সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।

এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ ভবন পরিদর্শনের সময় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন। পরে সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনেও অংশ নেন তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD