জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

নগরীর জলাবদ্ধতা কমানো, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির নিজস্ব অর্থায়নে প্রায় দুই মাসব্যাপী এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।
ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত খালটি কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত। ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রশস্ত এই খাল থেকে কর্মসূচির আওতায় প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। পাশাপাশি পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য খালের দুই পাশে বৃক্ষরোপণ করা হবে।
ডিএসসিসি জানিয়েছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার বাসিন্দা সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি নিজস্ব অর্থায়নে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিকদের সহযোগিতা কামনা করে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, "আমি নাগরিকদের কাছে দুটি বিষয়ে সার্বিক সহযোগিতা চাই। প্রথমত, সিটি কর্পোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা আপনারা স্থানীয়ভাবে তদারকি করবেন এবং কোনো গাফিলতি পরিলক্ষিত হলে আমাদের অবহিত করবেন।"
অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।
বিজ্ঞাপন
খাল পুনরায় দখল ও দূষণমুক্ত রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, "খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরাই ভোগ করেন, তেমনি এর কুফলও নাগরিকদেরই প্রথমে স্পর্শ করে। তাই এই সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।"
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং খাল পুনঃখননে সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সহযোগিতা প্রয়োজন। সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করলে দ্রুতই ঢাকা মহানগরীর সামগ্রিক পরিবেশ ও চিত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাগরিকেরা উপস্থিত ছিলেন।








