ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: প্রশাসক

ধানমন্ডি আবাসিক এলাকার ফুটপাত দখলমুক্ত ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর সিটি কলেজ মোড় এলাকায় ডিএসসিসির পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অভিযান চলাকালে প্রশাসকের উপস্থিতিতে ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মিত দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে রাখা বিভিন্ন মালামাল ও দোকানের সরঞ্জাম জব্দ করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, "ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব নির্ধারিত জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করা যাবে না এবং প্রতিষ্ঠানের সামনে কোনো হকার বসতে দেওয়া যাবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত সব সময় উন্মুক্ত রাখতে হবে।"
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিউমার্কেট এলাকার ফুটপাত নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে হকারদের বসতে দেওয়া হবে না। তবে হকারদের পুনর্বাসন কিংবা বিকল্প স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই হকাররাও ব্যবসা করার সুযোগ পাক, তবে তা রাস্তা ও ফুটপাত বন্ধ করে নয়। সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা চলছে।"
ডেঙ্গু নিয়ন্ত্রণেও বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, জরিপে ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে সেখানে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ভবনের নিচে, সড়কের পাশে কিংবা ড্রেনে যাতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ঢাকাকে সবুজ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়ে মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
উচ্ছেদ অভিযান পরিচালনার এখতিয়ার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান পরিচালনার ক্ষমতা শুধু সিটি করপোরেশনের। সংস্থাটির বাইরে অন্য কোনো পক্ষ উচ্ছেদ কার্যক্রম চালাতে পারবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন ডিএসসিসি প্রশাসক। তার মতে, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টি করে জনগণের সমর্থন অর্জন সম্ভব নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজস্ব কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যও দায়িত্ব পালন করেন।








