বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের প্রক্রিয়ার অংশ হিসেবে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেলের যানবাহন পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় উত্তীর্ণ ১৩টি প্রতিষ্ঠানের তৈরি ই-রিকশা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে প্রশাসক জানান, ডিএসসিসির চারটি অঞ্চলে চারটি ভিন্ন রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঞ্চলভেদে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের যানবাহন নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নগরীর সড়কে চলাচলের উপযোগী ই-রিকশা তৈরির লক্ষ্যে এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার কার্যক্রম চলছে।
বিজ্ঞাপন
পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে উৎপাদনের অনুমতি চেয়ে আবেদন করবে। আবেদন যাচাই, নথিপত্র পর্যালোচনা এবং কারখানা সরেজমিনে পরিদর্শনের পর নীতিমালা অনুযায়ী সন্তোষজনক ফল পাওয়া গেলে উৎপাদনের অনুমোদন দেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিদ্যমান অটোরিকশার লাইসেন্স প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, "বিষয়টি নতুন বা পুরাতন মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরাতন যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স প্রদান করা হবে না।"
তিনি আরও জানান, ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া এবং মালিকদের নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করে একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন।
গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। রবিবার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।








