Logo

ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের: ডিএসসিসি প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৬:১৭
ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়, নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সম্মিলিত উদ্যোগ ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের আধুনিক কৌশল নিয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।

সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘Current Trends of Dengue in Bangladesh: Prevention and Innovative Vector Control for Public Health Challenges’। এতে দেশের ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে সিটি করপোরেশন। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক ফলাফলে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের কারণে আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে জরিপের একটি উদ্বেগজনক তথ্য তুলে ধরে তিনি জানান, পরিদর্শন করা স্থানগুলোর প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা পাওয়া গেছে বসতবাড়ির আশপাশে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। তবে এসব উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজের বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পানি জমার স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে সিটি করপোরেশন সহযোগিতা করবে।

সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেন। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও পানি জমে মশার বংশবিস্তার যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সিনিয়র এন্টোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।

বিজ্ঞাপন

এ ছাড়া অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং কার্যকর মশক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD