বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন, আবারও আসছে লকডাউন?

করোনাভাইরাসের নতুন ধরন পিজে.২.১ (PJ.2.1) বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। প্রায় সাত বছর আগে ভাইরাসটির আবির্ভাবের পরও যে এর সংক্রমণ ও রূপ পরিবর্তনের ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি, নতুন এই ধরন আবারও তা সামনে এনেছে। তবে এখন পর্যন্ত আগের ধরনগুলোর তুলনায় এটি বেশি প্রাণঘাতী—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হলেও আবার লকডাউন দেওয়ার মতো পরিস্থিতির কথা চিকিৎসকেরা জানাননি।
বিজ্ঞাপন
চিকিৎসকদের মতে, সাম্প্রতিক করোনার ধরনগুলোর মধ্যে পিজে.২.১-এর উপস্থিতি ক্রমেই বাড়ছে। তবে মহামারির শুরুর সময়ের মতো ব্যাপক হারে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা এখন দেখা যাচ্ছে না। তারপরও বয়স্ক, রোগ প্রতিরোধক্ষমতা কম এবং শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতর্ক থাকা জরুরি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় প্রায় ৭৮ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ লাখ। তবে নতুন সংক্রমণের সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে। গত ১৮ অক্টোবর শেষ হওয়া ২৮ দিনের হিসাবে বিশ্বে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৪৭১ জন। আগের মাসের তুলনায় এ সংখ্যা ৩৫ হাজারের বেশি কম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
•
•
বিজ্ঞাপন
চলতি বছরের মে মাসে উত্তর আমেরিকায় প্রথম শনাক্ত হওয়ার পর পিজে.২.১ বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বরে প্রকাশিত চীনা বিজ্ঞানীদের এক গবেষণায় এর বিস্তারকে ‘দ্রুত আন্তমহাদেশীয় সংক্রমণ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের অন্য কয়েকটি ধরনের তুলনায় পিজে.২.১ মানবদেহের এসিই২ (ACE2) রিসেপ্টরের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারে। এই রিসেপ্টরের মাধ্যমেই ভাইরাসটি মানবকোষে প্রবেশ করে। বিজ্ঞানীদের ধারণা, নতুন ধরনটির দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এই বৈশিষ্ট্যের ভূমিকা থাকতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পিজে.২.১-এর উপসর্গ আগের ধরনগুলোর মতোই। সাধারণ সর্দি-জ্বর কিংবা ইনফ্লুয়েঞ্জার লক্ষণের সঙ্গে এর মিল রয়েছে। তবে রাশিয়ান মেডিকেল একাডেমি অব কন্টিনিউয়িং প্রফেশনাল এডুকেশনের অধ্যাপক এলেনা মালিনিকোভা জানিয়েছেন, অন্য ধরনগুলোর তুলনায় এতে গলার সংক্রমণ বেশি তীব্র হতে পারে। পাশাপাশি দীর্ঘস্থায়ী ক্লান্তিও দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ
সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসক আশের জামাল নতুন ধরনটির বিস্তার নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, করোনার নতুন ধরন সামনে আসা অস্বাভাবিক নয়। তবে সাম্প্রতিক ধরনগুলো গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তির হার কিংবা মৃত্যুহার বাড়াচ্ছে—এমন বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, কিন্তু অপ্রয়োজনীয় আতঙ্কের কারণ নেই।
আশের জামাল বলেন, করোনা এখনো সংক্রমিত হচ্ছে, তবে মহামারির সময়ের মতো হাসপাতালগুলোতে রোগীর চাপ কিংবা গুরুতর অসুস্থতার পরিস্থিতি তৈরি হচ্ছে না। অধিকাংশ আক্রান্তের উপসর্গ তুলনামূলক মৃদু। তবে বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে গুরুতর জটিলতার ঝুঁকি এখনো রয়েছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে নতুন ধরনটির বিস্তার পর্যবেক্ষণে রাখা জরুরি হলেও, পাওয়া তথ্য অনুযায়ী আবার লকডাউন ফিরছে—এমন কোনো ইঙ্গিত নেই।








