হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান, আইনমন্ত্রী বললেন ‘পুনরাবৃত্তি হবে না’

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
সংসদে লুনা বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়ার সময় ধারণ করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা তাকে প্রটোকল দিচ্ছেন।
তিনি অভিযোগ করেন, গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে। এমনকি তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে তা পরানো হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় নিজের উদ্বেগের কথা জানিয়ে লুনা বলেন, বিষয়টি তাকে মর্মাহত করেছে। তার মতো আরও অনেক ভুক্তভোগী পরিবারও এতে আতঙ্কিত ও উদ্বিগ্ন। সরকার তাকে বিশেষ কোনো মানবিক সুবিধা দিচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে—আইনমন্ত্রীর কাছে সেই ব্যাখ্যা চান তিনি।
এ সময় স্পিকার জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপিত হওয়ায় আইনমন্ত্রী চাইলে জবাব দিতে পারেন অথবা এ বিষয়ে নোটিশ দিতে পারেন।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি তার নজরে এসেছে। যদিও কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়, তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা অনুসরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী বলেন, আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ পরিচালিত হচ্ছে।
গত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, পঙ্গু ও বিভিন্ন অঙ্গ হারানো ব্যক্তিদের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী।
বিজ্ঞাপন
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল পাঠানো হবে।
এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত দল বিভিন্ন জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে তদন্তকারীদের সহায়তা করতে হবে।








