Logo

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৩ নভেম্বর, ২০২৬, ১৭:২৭
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে যৌথ তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চার সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। সেখানে তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও লিপিবদ্ধ করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ।

কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কমিটির আহ্বায়ক জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটি কমিটি গঠন করে দিয়েছে। আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমরা আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেবো।

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলওয়ার হোসেন জানান, বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি সংগ্রহের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারে মাঠে দুইটি টিম কাজ করছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD