গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একই স্থানে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের সংঘর্ষ ঘটে। এতে মোট ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।








