মাদকবিরোধী আন্দোলনে উত্তাল সাতক্ষীরা, এসপির কাছে স্মারকলিপি

সাতক্ষীরায় একই পরিবারের চার প্রজন্ম ধরে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের এ কর্মকাণ্ড বন্ধ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও মাদকবিরোধী মিছিল করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। পরে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাতক্ষীরা শহরে আয়োজিত মানববন্ধন ও মাদকবিরোধী মিছিলের নেতৃত্ব দেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আয়ুব আলী। কর্মসূচি পরিচালনা করেন মো. আবু সাইদ ও শেখ মিজানুর রহমান। শেষে স্থানীয় সচেতন নাগরিক ও বাজার কমিটির নেতারা সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের কাছে স্মারকলিপি জমা দেন।
চার দশক ধরে মাদক ব্যবসার অভিযোগ
স্মারকলিপিতে সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আশরাফের ছেলে জাহাঙ্গীর, আলমগীর, আরিফুল ও রফিকুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
স্মারকলিপিদাতাদের দাবি, অভিযুক্ত পরিবারের পূর্ববর্তী প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের মধ্যেও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের ধারাবাহিকতা রয়েছে। প্রায় চার দশক ধরে এসব কর্মকাণ্ড চলতে থাকায় এলাকার যুবসমাজ, শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রজন্ম নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে। এতে সামাজিক পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
তাঁদের মতে, মাদকের বিস্তার তরুণদের বিপথগামী করার পাশাপাশি পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। একই সঙ্গে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি।
স্মারকলিপিতে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও সরবরাহের সঙ্গে কোনো প্রভাবশালী মহল, আর্থিক সহযোগী কিংবা পৃষ্ঠপোষক জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখারও দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবাদকারীদের হুমকি ও হয়রানির অভিযোগ
মাদকবিরোধী অবস্থান নেওয়ায় স্থানীয় প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে যান। সেখানে মাদক বেচাকেনা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ওই সময় স্থানীয় সচেতন নাগরিক, কদমতলা বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এরপর গত ১০ নভেম্বর রাতে কদমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেও স্থানীয় সচেতন মহল মানববন্ধন করেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপির
স্মারকলিপি গ্রহণের পর সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
বিজ্ঞাপন
একই সঙ্গে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখার পরামর্শ দেন।
মাদক প্রতিরোধে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তাঁর এসব বক্তব্যের ভিডিও ধারণ করেন দৈনিক জনবাণীর সাতক্ষীরা ব্যুরোচিফ রাজীব মেহবুব।
নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চান প্রতিবাদকারীরা
বিজ্ঞাপন
স্মারকলিপিদাতারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নিতে তাঁদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরাবাসীর প্রত্যাশা, পুলিশ সুপারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে গড়ে উঠবে মাদকমুক্ত সমাজ।








