শেরপুর সরকারি কলেজে শতাধিক ফোন জব্দ, ছাত্রদলের সুপারিশে ফেরত

শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় শেরপুর সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে শতাধিক মোবাইল ফোন জব্দ করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকির সময় এসব ফোন জব্দ করা হয়। পরে কলেজ ছাত্রদলের সুপারিশে শিক্ষার্থীদের ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে শুরু থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে কলেজে প্রবেশ নিষিদ্ধ। তবে এই নির্দেশনা অমান্য করে বেশ কয়েকজন শিক্ষার্থী নিয়মিত ফোন নিয়ে কলেজে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণিকক্ষে অভিযান চালিয়ে শতাধিক স্মার্টফোন জব্দ করা হয়।
ফোনগুলো জব্দের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে সেগুলো ফেরত দেওয়ার উদ্যোগ নেয় কলেজ ছাত্রদল। সংগঠনটির নেতারা এ বিষয়ে দায়িত্ব নিয়ে কলেজ প্রশাসনের কাছে সুপারিশ করেন। পরে তাদের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়।
শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কুরাইশি বলেন, আজ আমাদের কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ভুল করে মোবাইল ফোন নিয়ে এসেছিল। শিক্ষার্থীদের আগামীর সুন্দর ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার সুযোগ করে দিতে আমরা প্রথমবারের মতো মানবিক বিবেচনায় তাদের জব্দ করা মোবাইল ফোনগুলো নিজ নিজ শিক্ষার্থীর কাছে হস্তান্তর করেছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা এখন থেকে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সচেষ্ট হবে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী এরপরও মোবাইল ফোন নিয়ে কলেজে এলে কলেজ কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষকদের সহযোগিতা করা হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যেন কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সে ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে মনোযোগ বাড়ানো এবং কলেজের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। ডিজিটাল হাজিরা ব্যবস্থার পাশাপাশি স্মার্টফোন নিষিদ্ধের নির্দেশনা বাস্তবায়নেও কলেজ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।








