কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫

কুমিল্লায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১১ দিনে পরিচালিত সাঁড়াশি অভিযানে মোট ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশও (ডিবি) এতে অংশ নেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ছিনতাই প্রতিরোধকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকা এবং থানাগুলোর আওতাধীন অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।








