Logo

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১২ নভেম্বর, ২০২৬, ১৯:৩৫
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের এ ঘটনায় কার্যালয়ের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এরপর অফিসের থাইগ্লাস ভাঙচুর করে এবং যাওয়ার আগে কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় অফিসের ভেতরে দায়িত্ব পালন করছিলেন নৈশপ্রহরী আব্দুল ওহাব। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার সকালে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD