Logo

পড়ালেখা থেকে চলাফেরা সবই ছিল একসঙ্গে, একই দিনে তিন বন্ধুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১২ নভেম্বর, ২০২৬, ১৯:২৭
পড়ালেখা থেকে চলাফেরা সবই ছিল একসঙ্গে, একই দিনে তিন বন্ধুর মৃত্যু
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই মাদরাসার তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে প্রাইভেট পড়া শেষে এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর শিক্ষার্থী কয়েক ঘণ্টা পর চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনাটি ঘটে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে। নিহত তিন শিক্ষার্থী হলো সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তারা সবাই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত সায়মন সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাচ্ছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, গুরুতর আহত ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মফিজ উদ্দীন তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন খুব ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে পড়ালেখা করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তৃতীয় শিক্ষার্থীর মৃত্যুর খবর তখনো তিনি পাননি বলে জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD