সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে এক সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পলাশ আলী (৩০) দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
বিজ্ঞাপন
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর অভিযোগ, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে বাড়ি ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা করেন।
বিজ্ঞাপন
এনসিপির রাজশাহী জেলা সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।








