গরু চোর সন্দেহে তিনজন আটক, গৌরনদীতে পুড়ল দুটি ঘর

বরিশালের গৌরনদীতে গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা একটি বসতঘর ও একটি গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে। আগুনে ঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিসংযোগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন আজিজ মীরা (৬৫), তাঁর শ্যালকের ছেলে সাকিল হোসেন এবং আগরপুর এলাকার নয়ন শিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহজিরা গ্রামের আজিজ মীরার গোয়ালঘর থেকে একটি চোরাই গরু উদ্ধার করেন স্থানীয় কয়েকজন। এ সময় আজিজ মীরা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান।
ফোন পেয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।
বিজ্ঞাপন
শাহজিরা গ্রামের মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার রাত ৩টা পর্যন্ত তিনি নিজের গোয়ালঘর পাহারা দিয়েছেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে রাতেই খোঁজাখুঁজি শুরু করেন।
আদম আলী শিকদার বলেন, বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। সেই ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়িতে যান। সেখানে আজিজ মীরাকে ডেকে গরু পালনের বিষয়ে জানতে চাইলে তিনি গরু পালন করেন না বলে জানান। পরে তাঁর গোয়ালঘর থেকে গরুর শব্দ শুনে সেখানে গিয়ে আদম আলী নিজের গরুটি শনাক্ত করেন বলে দাবি করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েছে। এতে কৃষক ও গরুর খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
শাহজিরা গ্রামের মৃত ওসমান খানের ছেলে নাসির খান জানান, ১০ দিন আগে তাঁর একটি গরু হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে তিনি সেখানে যান। পরে আজিজ মীরার গোয়ালঘরের পাশে গোবরের গাদা থেকে গরুর রশি ও নিজের গরুর চামড়ার অংশ দেখতে পান বলে দাবি করেন। তাঁর ধারণা, গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজিজ মীরাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে উত্তেজিত লোকজন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সকাল ৭টার দিকে আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও পাশের আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে গরু চুরির অভিযোগে আজিজ মীরা, তাঁর শ্যালকের ছেলে সাকিল হোসেন এবং নয়ন শিকদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুলিশ আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি আজিজ মীরার বসতঘরে আগুন ধরিয়ে দেন। পুলিশ পুনরায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিসংযোগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।








