Logo

বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৭:৫২
বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

বিদেশি কোনো আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার আইনি সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এমন পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার বা বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে দেশের স্থানীয় কর্তৃপক্ষ বাধ্য নয় বলেও জানিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হয়।

বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. সানোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল ওয়াহাব। এ ছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিব হোসেন, মো. গোলাম রাজীব ও মো. ফুয়াদ হাসান শুনানিতে অংশ নেন।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলম সংযুক্ত আরব আমিরাতের জেরাব এলএলসিতে কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অপরাধে জড়ান। পরে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এ ঘটনায় দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে তাঁকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে দণ্ডিত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকায় ২০২২ সালের ৪ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রিট আবেদনকারীদের দাবি, পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোহাম্মদ আল ফয়জুল আলমকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

এরপর তাঁকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর আবেদন করা হয়। কিন্তু এসব আবেদনের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করে প্রতিষ্ঠানটি।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, বাংলাদেশের কোনো বেসরকারি কোম্পানি সরাসরি আবেদন করলেই বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সুযোগ নেই। এ ধরনের পদক্ষেপের জন্য প্রযোজ্য কোনো চুক্তি, আইনি বিধান বা কাঠামো থাকতে হবে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও নির্ধারিত সরকারি চ্যানেলে প্রত্যর্পণ বা হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। ফলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার আইনগত বাধ্যবাধকতা নেই বলে আদালতকে জানানো হয়।

বিজ্ঞাপন

আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রেপ্তার এবং কোনো ব্যক্তিকে বিদেশি রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ বা হস্তান্তরের মতো বলপ্রয়োগমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট আইনের অনুমোদন থাকতে হবে।

হাইকোর্ট আরও বলেন, বিদেশি আদালতের জারি করা কোনো গ্রেপ্তারি পরোয়ানা শুধু জারির কারণেই বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকরযোগ্য হয়ে যায় না। একইভাবে এটি কার্যকরের জন্য দেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতাও তৈরি করে না। এ ধরনের পদক্ষেপ নিতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

আদালতের মতে, বিদেশি কোনো ফৌজদারি মামলায় বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ বা সংশ্লিষ্টতা থাকলেও শুধু কর্তৃপক্ষের কাছে আবেদন করার মাধ্যমে তারা পরোয়ানা কার্যকরে বাধ্য করতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক দায়িত্ব প্রতিষ্ঠিত না হলে তাদের নিষ্ক্রিয়তাকে আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে বিবেচনার সুযোগ নেই।

বিজ্ঞাপন

সব দিক বিবেচনায় হাইকোর্ট সিদ্ধান্ত দেন, রিট আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্দেশনা চাওয়ার মতো আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এ কারণে কোনো রুল জারি না করেই পর্যবেক্ষণসহ রিট আবেদনটি নিষ্পত্তি করেন আদালত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD