মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে সেই শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। যুক্তিতর্কের সময় প্রধান আসামি শিক্ষক সাগর নিজের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে আদালত তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছর বয়সী ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার কথা প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। আতঙ্কে শিশুটি বিষয়টি পরিবারের কাছে জানায়নি। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডেও নেয়।
মামলার বিচারিক কার্যক্রম চলার মধ্যে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়।
বিজ্ঞাপন
ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ নমুনার ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়। এ বৈজ্ঞানিক প্রতিবেদন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপিত হয়।
তদন্ত শেষে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারা উল্লেখ করা হয়। আদালতের রায়ে প্রধান আসামি শিক্ষক সাগরের সর্বোচ্চ সাজা হওয়ায় মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।








