আত্মসমর্পণ ছাড়া পলাতক আসামির পাসপোর্ট আবেদনের সুযোগ নেই: শিশির মনির

আত্মসমর্পণ না করা পর্যন্ত কোনো পলাতক আসামি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর মতে, বাতিল হওয়া পাসপোর্ট পুনরায় পাওয়ার জন্য নতুন করে আবেদন করার সুযোগ নেই; এ ক্ষেত্রে আইনি প্রতিকার হিসেবে আপিল করতে হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর পাসপোর্ট নিয়ে চলমান আলোচনার বিষয়ে শিশির মনির বলেন, মানবিক বিবেচনা ও বাংলাদেশে নিরাপত্তার হুমকির কারণে ভারত সরকার তাঁকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে। ভারত সরকার নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের প্রসঙ্গ তুলে এই আইনজীবী জানান, গত বছরের ৭ জানুয়ারি তাঁর পাসপোর্ট বাতিল করা হয়। আইন অনুযায়ী, কারও পাসপোর্ট বাতিল হলে সেটি পুনরায় পাওয়ার জন্য নতুন আবেদন করার পরিবর্তে আপিল করতে হয়। কিন্তু শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে এ ধরনের কোনো আপিল করা হয়নি বলে জানান তিনি।
বিজ্ঞাপন
শিশির মনির বলেন, পলাতক কোনো আসামি আইনের আশ্রয় নিয়ে কোনো আবেদন করতে পারেন না। আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হলে তাঁকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত যোগাযোগের বিষয়েও ব্যাখ্যা দেন তিনি। শিশির মনির জানান, স্টিভেন পওলস কেসি এ বিষয়ে একটি চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পরামর্শ চেয়েছেন। সেখানে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র কীভাবে দ্রুত প্রস্তুত করা যায়, সে বিষয়ে হাইকমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।
চিঠির ভাষা বিশ্লেষণ করে শিশির মনির বলেন, এটি সরাসরি পাসপোর্টের আবেদন নয়; বরং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চাওয়ার বিষয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির অনুকূলে পাসপোর্ট ইস্যু করা সম্ভব নয়।
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, ভারত থেকে শেখ হাসিনার নামে যেসব বক্তব্য প্রচারিত হয়েছে, সেগুলোর কোনোটিতেই তাঁকে সরাসরি দেখা যায়নি। এমনকি ভার্চুয়াল মাধ্যমে প্রচারিত বক্তব্যগুলোতে সত্যিই শেখ হাসিনা কথা বলেছেন কি না, সেটিও স্পষ্ট নয়।








