নাসির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি, ‘এখানেই ইতি টানুন’

চলমান পরিস্থিতির অবসান ঘটিয়ে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে খোলা চিঠি দিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, বিষয়টি শুরুতে একান্ত পারিবারিক হলেও বর্তমানে তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এটি দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
নাসির উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, চিঠিটি পড়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থায় তিনি নাও থাকতে পারেন। তবে তার প্রিয়জনরা হয়তো চিঠির বিষয়বস্তু তাকে জানাবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চিঠিতে শিশির মনির আরও বলেন, তিনি যেখানেই যাচ্ছেন, মানুষ বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন এবং জানতে চাইছেন। দিরাই-শাল্লার মানুষ হিসেবে এটিকে তিনি সম্মিলিত লজ্জা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, এই বয়সে নাসির উদ্দিন চৌধুরীকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়। তার লজ্জা ও এলাকার মানুষের লজ্জা যেন একাকার হয়ে গেছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাকে ঘিরে তারা গভীরভাবে উদ্বিগ্ন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
নাসির উদ্দিন চৌধুরী অতীতে বিভিন্ন মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন উল্লেখ করে শিশির মনির বলেন, অনেক মানুষের সমস্যার সমাধান করা সেই ব্যক্তি আজ নিজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
বিজ্ঞাপন
চিঠিতে চলমান পরিস্থিতি আর না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি আর দীর্ঘায়িত করা ঠিক হবে না। এখানেই এর ইতি টেনে নিজেদের সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করে নেওয়া উচিত।
চিঠির শেষে মোহাম্মদ শিশির মনির নিজেকে নাসির উদ্দিন চৌধুরীর একজন ‘শুভাকাঙ্ক্ষী’ হিসেবে উল্লেখ করেন।








