Logo

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ‘গুরুতর আদালত অবমাননা’: শিশির মনির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১২:৩১
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ‘গুরুতর আদালত অবমাননা’: শিশির মনির
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্তকে ‘গুরুতর আদালত অবমাননা’ হিসেবে অভিহিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া আদালতের নির্দেশনার অবমাননার শামিল।

শিশির মনির জানান, এ বিষয়ে আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করা হবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বিলুপ্ত সচিবালয়ের কর্মকর্তা ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবির তালিকা এবং পূর্ববর্তী দায়িত্ব উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট প্রশাসনিক ভবন-৪ এ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD