Logo

গুমের মামলার মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৭:০৫
গুমের মামলার মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে নিখোঁজ থাকা ব্যক্তিদের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নিজের কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। এদিন গুমের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জানতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তদন্তের সর্বশেষ অবস্থা তুলে ধরে মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে প্রায় আড়াইশ গুমের অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে আলাদাভাবে তদন্ত পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি গুমের বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে আরও ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুমের বিচার পরিচালনার জন্য বর্তমানে দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ কারণে আরও ট্রাইব্যুনাল প্রয়োজন। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে ঘটে যাওয়া প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে গত ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে গুমের শিকার ব্যক্তিদের কয়েকটি পরিবারের সদস্য চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় গুমের অভিযোগগুলোর তদন্ত ও বিচারপ্রক্রিয়া যেন কোনো রাজনৈতিক বিবেচনায় পরিচালিত না হয়, সে বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন ‘মায়ের ডাক’-এর এই সমন্বয়ক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD