মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তুষ্ট পরিবার

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বহুল আলোচিত এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির পরিবার জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর তারা ন্যায়বিচার পেয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী শিশুটির মা ঢাকা পোস্টকে বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন তাতে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি-সন্তুষ্ট। আমরা এতদিন যে বিচারের অপেক্ষায় চোখের পানি ফেলেছি, আজ সেই সঠিক বিচার পেয়েছি।’
দীর্ঘ ও কঠিন বিচারপ্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিচারক, প্যানেল আইনজীবী, অ্যাডভোকেট এবং পাশে থাকা গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিজ্ঞাপন
মামলাটি আপসের জন্য কোনো পক্ষ থেকে চাপ দিচ্ছে কি না, জানতে চাইলে শিশুটির মা জানান, বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে আসামিপক্ষ সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে আপসের চেষ্টা করেছিল। এমনকি আদালতে ১২ শতাংশ জমি দেওয়ার প্রস্তাব দিয়ে অব্যাহতির আবেদনও জানিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক। তবে বিচারক সেই প্রস্তাব কঠোরভাবে নাকচ করে দেন। তাঁর ভাষ্য, রায় ঘোষণার পর মামলাটি আপস বা মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ আর নেই।
যেভাবে ঘটনার সূত্রপাত
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছর বয়সী ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
বিজ্ঞাপন
পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিল মাসে পরীক্ষা-নিরীক্ষার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। তৎকালীন র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মামলার প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তিন দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।
ডিএনএ পরীক্ষায় মেলে পিতৃত্বের প্রমাণ
মামলার বিচারপ্রক্রিয়া চলার মধ্যেই গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়।
বিজ্ঞাপন
ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। এই বৈজ্ঞানিক প্রতিবেদন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে।
তদন্ত শেষে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার প্রধান অভিযুক্ত শিক্ষকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার বলেছে, দীর্ঘদিনের অপেক্ষার পর তারা প্রত্যাশিত বিচার পেয়েছে।








