ঝিনাইদহে আমির হামজার মাহফিল ঘিরে নতুন উত্তেজনা

ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার অংশ নেওয়ার কথা থাকা তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে শুক্রবার (১৩ নভেম্বর) এ মাহফিল হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তবে প্রশাসনের অনুমতি না মিললেও মাঠে মঞ্চ তৈরির কাজ চলতে দেখা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়।
একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে সচেতন কালীগঞ্জবাসী। বৃহস্পতিবার বিকেলে শহরে এ বিষয়ে মাইকিং বের করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে পুলিশ সুপার বরাবর পত্র পাঠানো হয়। পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিরূপ মন্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। ওই আয়োজন থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে গিয়ে দেখা যায়, মাঠে কয়েকজন শ্রমিক মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।
মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী বলেন, ‘এমপি সার্বিক দায়িত্ব নিয়ে করাচ্ছেন। আমি শুধু স্পন্সর হিসেবে আছি। বাকি সবই এমপি আবু তালিব ও সংগঠন (জামায়াতে ইসলামী) করছে। শুক্রবার কোরআন মাহফিলে এমপি আমির হামজা উপস্থিত থাকবেন। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘আমরা আমাদের কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, পুলিশ সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।’
বিজ্ঞাপন
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ব্যাপারে জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।
এ বিষয়ে বক্তব্য জানতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।








