খুলনায় দোকানে বসে থাকা বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ জাকির হোসেনকে স্থানীয়রা দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে দেয়। এরপর একজন দোকানের ভেতরে ঢুকে জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর দুজনই মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সন্ত্রাসীরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। হত্যার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








