রাতের আকাশে তারার চেয়ে বেশি স্যাটেলাইট, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

শহরের রাতের আকাশে দৃশ্যমান কৃত্রিম উপগ্রহের সংখ্যা অনেক ক্ষেত্রে খালি চোখে দেখা তারার সংখ্যাকেও ছাড়িয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় রাতের আকাশের স্বাভাবিক দৃশ্য বদলে যাওয়ার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান গবেষণাও বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যাকিউ কম্পোনেন্টস’-এর এক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। অক্টোবরের সাত রাতের তথ্য পর্যালোচনা করে গবেষকেরা পৃথিবী থেকে ২ হাজার কিলোমিটার বা তার কম উচ্চতায় থাকা ১৫ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করেন।
গবেষণায় দেখা গেছে, রাতের যেকোনো সময়ে যুক্তরাজ্যের আকাশে একসঙ্গে ৭০০টির বেশি স্যাটেলাইট চলাচল করে। মাঝারি মাত্রার আলোকদূষণ রয়েছে এমন শহরাঞ্চলে খালি চোখে যত তারা দেখা যায়, তার চেয়ে বেশি হতে পারে দৃশ্যমান স্যাটেলাইটের সংখ্যা।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত বছরে যুক্তরাজ্যের রাতের আকাশে গত ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। মহাকাশে বড় আকারের স্যাটেলাইট নেটওয়ার্ক বা মেগা-কনস্টেলেশন সম্প্রসারণের কারণে ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে।
বিজ্ঞাপন
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, একটি সাধারণ শহরের আকাশ দিয়ে এক রাতেই প্রায় ১৩ হাজার পৃথক স্যাটেলাইট অতিক্রম করে। সাম্প্রতিক বছরগুলোতে উপগ্রহভিত্তিক ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থার বিস্তার এ প্রবণতাকে ত্বরান্বিত করেছে।
স্যাটেলাইট বৃদ্ধিতে স্টারলিংকের বড় ভূমিকা
কৃত্রিম উপগ্রহের সংখ্যা বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারলিংক’ ইন্টারনেট নেটওয়ার্ক। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিম্ন পৃথিবী কক্ষপথে থাকা সক্রিয় স্যাটেলাইটের দুই-তৃতীয়াংশের বেশি এ নেটওয়ার্কের আওতাভুক্ত।
বিজ্ঞাপন
বর্তমানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এক দশক আগেও এ সংখ্যা ছিল এক হাজারের সামান্য বেশি। শুধু গত বছরই রেকর্ড ৪ হাজার ৫১০টি বস্তু মহাকাশে পাঠানো হয়েছে।
এদিকে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে স্পেসএক্স আরও ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন করেছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে মহাকাশে কৃত্রিম উপগ্রহের সংখ্যা আরও ব্যাপকভাবে বাড়তে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের উদ্বেগ
বিজ্ঞাপন
স্যাটেলাইটের সংখ্যা বাড়ায় মহাকাশ পর্যবেক্ষণের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের আশঙ্কা, উপগ্রহের গায়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে রাতের আকাশে উজ্জ্বল রেখা তৈরি করছে। পৃথিবীর শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মহাকাশের ছবি তোলার সময় এসব আলোর রেখা ছবিতে চলে আসে। ফলে দূরবর্তী তারা, গ্যালাক্সি ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ছবি বিশ্লেষণ কঠিন হয়ে পড়ে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক গাসপার বাকোস এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহের ক্রমবর্ধমান উপস্থিতি আলোকদূষণের নতুন একটি ধরন তৈরি করছে।
তিনি মনে করেন, বিশেষ করে নিম্ন কক্ষপথের স্যাটেলাইটগুলো বেশ উজ্জ্বল হতে পারে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাতের আকাশে তারামণ্ডলী ও মিল্কিওয়ে দেখার সুযোগও সীমিত হয়ে আসতে পারে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির (ইএসও) পৃথক গবেষণাতেও একই ধরনের উদ্বেগ উঠে এসেছে। সংস্থাটির গবেষকদের মতে, স্যাটেলাইটের মেগা-কনস্টেলেশন জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মহাকাশ গবেষণার পরিবেশ সুরক্ষায় পৃথিবীর কক্ষপথে সক্রিয় উপগ্রহের সংখ্যা সর্বোচ্চ এক লাখের মধ্যে সীমিত রাখার সুপারিশ করেছেন তাঁরা।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট








