Logo

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর খ্রিষ্টানদের ওপর হামলা বেড়েছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ১৪:৫৬
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর খ্রিষ্টানদের ওপর হামলা বেড়েছে
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা ও হয়রানির ঘটনা বেড়েছে বলে অভিযোগ তুলেছেন ধর্মীয় নেতারা। তাদের দাবি, গত মে মাসে বিজেপি রাজ্যটির ক্ষমতায় আসার পর থেকে গির্জায় ভাঙচুর, প্রার্থনাসভায় বাধা এবং যাজকদের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।

শনিবার (২১ নভেম্বর) কলকাতায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩৫ জন খ্রিষ্টান ধর্মীয় নেতা বৈঠকে বসেন। সেখানে পশ্চিমবঙ্গসহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের খ্রিষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের অভিযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হেরোড মল্লিক জানান, গত ৪ মে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকে তারা ৬০টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছেন। এর মধ্যে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত প্রার্থনাসভা ও বাড়িভিত্তিক গির্জায় ৫২টি তল্লাশি এবং আটটি দলবদ্ধ হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপিকে মল্লিক বলেন, ভুক্তভোগী এবং ঘটনাগুলো তদন্তে যাওয়া প্রতিনিধিদল এসব ঘটনার সঙ্গে উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। তবে এএফপি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তার অভিযোগ, কিছু গোষ্ঠী রবিবারের প্রার্থনাসভায় বাধা দিয়েছে, উপাসনাকারীদের পরিচয়পত্র দেখতে চেয়েছে এবং তাদের বিরুদ্ধে হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলেছে।

বিজ্ঞাপন

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবারের বৈঠকের আগে বিজেপির পক্ষ থেকেও পশ্চিমবঙ্গের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরে সহায়তার অভিযোগ তোলা হয়। দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি আসানসোলে এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন। কলকাতার একটি পরিচিত খ্রিষ্টান মিশনারি স্কুলের বিরুদ্ধেও ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি।

খ্রিষ্টান নেতারা জানান, সোমবার তারা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন। এতে অভিযোগগুলোর স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত, খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাজক ও ধর্মপ্রচারকদের ইচ্ছামতো গ্রেপ্তার ঠেকাতে সুরক্ষাব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।

বিজ্ঞাপন

ভারতের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিষ্টান। আর ১৪০ কোটির বেশি জনসংখ্যার দেশ ভারতে খ্রিষ্টানদের হার দুই শতাংশের কিছু বেশি। খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের দাবি, প্রায় দুই হাজার বছর ধরে ভারতে তাদের ধর্মের উপস্থিতি রয়েছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD