আকাশে নতুন অতিথি, অস্থায়ী চাঁদ পেলো পৃথিবী

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে নতুন একটি মহাজাগতিক বস্তু। ‘২০২৬ কিউকিউ৮’ (2026 QQ8) নামের এই গ্রহাণুটি আপাতত পৃথিবীর অস্থায়ী ক্ষুদ্র চাঁদ বা ‘মিনি-মুন’ হিসেবে অবস্থান করছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী বড়দিন পর্যন্ত এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের মধ্যে থাকবে। এরপর ২০২৭ সালের জানুয়ারির দিকে পৃথিবীর কক্ষপথ ছেড়ে আবার মহাকাশে চলে যাওয়ার কথা রয়েছে বস্তুটির।
বিজ্ঞাপন
গত আগস্টে প্রথমবারের মতো গ্রহাণুটি শনাক্ত করেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে পর্যবেক্ষণ ও কক্ষপথ বিশ্লেষণে দেখা গেছে, এটি গত এপ্রিল থেকেই পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবাধীন এলাকায় প্রবেশ করেছিল। গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার আনুষ্ঠানিকভাবে এর আবিষ্কারের তথ্য প্রকাশ করে।
বিজ্ঞানীরা ২০২৬ কিউকিউ৮-এর কক্ষপথ বিশ্লেষণ করে জানতে পেরেছেন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে গ্রহাণুটির প্রায় ৩৫৯ দিন সময় লাগে। অর্থাৎ সূর্যকে ঘিরে এর একবারের পরিক্রমণ পৃথিবীর এক বছরের প্রায় ৯৮ শতাংশের সমান। প্রায় এক দশক পরপর এটি পৃথিবীর কাছাকাছি চলে আসে। তবে এবার তুলনামূলকভাবে বেশি কাছে আসায় পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে।
পৃথিবী থেকে কতটা দূরে অবস্থান করবে মিনি-মুন?
বিজ্ঞাপন
মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য অনুযায়ী, পৃথিবীর কাছাকাছি অবস্থানের সময় ২০২৬ কিউকিউ৮-এর সঙ্গে পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব হবে প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল বা ৫ লাখ ৬৮ হাজার কিলোমিটার।
তুলনায়, পৃথিবী থেকে আমাদের স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ চাঁদের গড় দূরত্ব প্রায় ২ লাখ ৩৮ হাজার ৯০০ মাইল বা ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। অর্থাৎ নতুন এই অস্থায়ী চাঁদটি পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্বের চেয়েও প্রায় ১ লাখ ১০ হাজার মাইল বা ১ লাখ ৭৭ হাজার কিলোমিটার বেশি দূরে থাকবে।
গ্রহাণুটির পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা নিয়ে আপাতত উদ্বেগের কারণ দেখছেন না বিজ্ঞানীরা। এর ব্যাস মাত্র প্রায় ৬ ফুট বা ২ মিটার। ফলে কোনো কারণে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই বায়ুমণ্ডলে পুড়ে বা ভেঙে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
পৃথিবীর অস্থায়ী চাঁদ নতুন কোনো ঘটনা নয়
পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে ছোট ছোট মহাজাগতিক বস্তুর সাময়িকভাবে আটকা পড়ার ঘটনা আগেও ঘটেছে। এ ধরনের বস্তুকে সাধারণ চাঁদ না বলে ‘টেম্পোরারি স্যাটেলাইট’ বা অস্থায়ী উপগ্রহ হিসেবে অভিহিত করেন জ্যোতির্বিজ্ঞানীরা।
গত বছর প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছিল, পৃথিবীকে ঘিরে যেকোনো সময় সর্বোচ্চ ছয়টি ক্ষুদ্র অস্থায়ী উপগ্রহ থাকতে পারে। গবেষকদের ধারণা, এসব বস্তুর অনেকগুলোই পৃথিবীর স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ চাঁদের ভেঙে যাওয়া অংশ থেকে তৈরি হয়ে থাকতে পারে।
বিজ্ঞাপন
আকারের বিবেচনায় ২০২৬ কিউকিউ৮ সাধারণ অস্থায়ী চাঁদের তুলনায় বেশ বড়। চলতি বছরের শুরুর দিকে বিজ্ঞানীদের তৈরি একটি মডেলে দেখা গেছে, এ ধরনের অস্থায়ী উপগ্রহের গড় ব্যাস প্রায় ৭৫ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি।
গবেষণায় আরও উঠে এসেছে, অস্থায়ী উপগ্রহগুলো সাধারণত গড়ে প্রায় নয় মাস পৃথিবীর কক্ষপথে অবস্থান করে। সেই হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়া ২০২৬ কিউকিউ৮-এর ২০২৭ সালের জানুয়ারিতে পৃথিবীর প্রভাববলয় ছেড়ে চলে যাওয়ার কথা।
গবেষকদের মতে, পৃথিবী যদি প্রায় ১০ ফুট বা ৩ মিটার চওড়া কোনো মহাকাশীয় পাথরকে নিজের মহাকর্ষীয় আকর্ষণে আটকে রাখতে পারে, তাহলে সেটি ১০ থেকে ২০ বছর পর্যন্ত ক্ষুদ্র চাঁদ হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে সক্ষম হতে পারে। ফলে নতুন এই মিনি-মুনের আগমন পৃথিবীর চারপাশে অস্থায়ী উপগ্রহের অস্তিত্ব ও গতিবিধি নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় নতুন আগ্রহ তৈরি করেছে।
বিজ্ঞাপন
তথ্য সূত্র : স্পেস








