ভারতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরাতে মেটার কার্যালয়ে বিক্ষোভ

ভারতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার দাবিতে মেটার বিরুদ্ধে আন্দোলন জোরদার করছে বিরোধী দল কংগ্রেসের যুব শাখা। সংগঠনটির নেতাদের অ্যাকাউন্ট পুনরায় চালু না করা হলে দেশজুড়ে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেয় সংগঠনটি। এর একদিন আগে শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবারের কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে ভবনটিতে প্রবেশ করেন। এ সময় কয়েকটি গাছের টব ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতেও এসব দৃশ্য দেখা গেছে।
সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বে থাকা মনু জেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শুক্রবারের বিক্ষোভের পর ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে তাঁর অভিযোগ, সরকারের সমালোচনাকারী সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমিত করে রাখা হয়েছে। মেটার অ্যালগরিদম কীভাবে পোস্ট বা অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত করে, সে বিষয়ে প্রতিষ্ঠানটিকে ব্যাখ্যা দিতে হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সরকারের নির্দেশে বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার সবচেয়ে বড় বাজার। তবে গত শুক্রবারের বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সরানোর সরকারি উদ্যোগ নিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সমালোচকেরা। অন্যদিকে ভারত সরকারের বক্তব্য, স্থানীয় আইন লঙ্ঘন কিংবা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হলেই কেবল কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়।
হায়দরাবাদে ভাঙচুরের ঘটনার সমালোচনা করেছেন তেলেঙ্গানা রাজ্যের এক বিরোধী রাজনীতিক। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড ব্যবসার নিরাপদ গন্তব্য হিসেবে শহরটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। কংগ্রেসের নেতাকর্মীদের সমালোচনা করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারিও।
এদিকে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংবাদিকদের কনটেন্ট সরিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছর এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারিতে বেআইনি কনটেন্ট সরানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত সময়সীমা কমিয়ে আনে ভারত সরকার। আগে এ ধরনের নির্দেশ পালনে ৩৬ ঘণ্টা সময় দেওয়া হলেও নতুন নিয়মে তা কমিয়ে তিন ঘণ্টা করা হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি। অথচ ২০২৫ সালের পুরো বছরে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার।
সূত্র: দ্য গার্ডিয়ান








