Logo

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ২১:২৭
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) হাজারো সমর্থক। রোববার (৩ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া থেকে এ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

পিটিআই-শাসিত প্রদেশটির বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। দলীয় সমর্থকদের উদ্দেশে তিনি কারাগারে থাকা ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।

ইমরানের দল পিটিআই ও পাকিস্তানের ক্ষমতাসীন নেতৃত্বের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর এ বিরোধ আরও গভীর হয়। ইমরান তার ক্ষমতাচ্যুতির জন্য সামরিক বাহিনীকে দায়ী করলেও সেনাবাহিনী তা অস্বীকার করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৩ সালের মে মাসে ইমরান গ্রেপ্তার হওয়ার পর তার সমর্থকদের বিক্ষোভ সহিংস রূপ নেয়। সামরিক স্থাপনায় হামলার অভিযোগে ব্যাপক ধরপাকড় চালানো হয় এবং পরে সামরিক আদালতে অনেক পিটিআই সমর্থকের বিচার হয়।

বিজ্ঞাপন

৭৪ বছর বয়সী ইমরান বর্তমানে কারাগারে রয়েছেন। একাধিক মামলায় তিনি দণ্ডিত হলেও অধিকাংশ সাজা পরে স্থগিত বা বাতিল হয়েছে। একটি সাজা বহাল থাকলেও সংশ্লিষ্ট আপিল প্রক্রিয়া চলছে। ইমরান নিজেকে রাজনৈতিক বন্দি হিসেবে দাবি করে আসছেন। তবে পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী এ দাবি প্রত্যাখ্যান করে দেশটির বিচারব্যবস্থার স্বাধীনতার কথা বলে আসছে।

ইমরানের মুক্তির দাবিতে এই লং মার্চের ঘোষণা প্রথমে ২৭ সেপ্টেম্বর দেওয়া হয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলে কর্মসূচি ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। তবে সপ্তাহান্তে সেই আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে লং মার্চ শুরু হয়েছে।

এদিকে মিছিল ঠেকাতে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় হাজারো পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি এলাকা ঘিরে বসানো হয়েছে কনটেইনার। সরকার জানিয়েছে, মিছিলকারীদের ইসলামাবাদে ঢুকতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, রাজধানীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না। পিটিআইয়ের সঙ্গে সরকারের আলোচনায় খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসবিরোধী নীতিতে সহযোগিতার বিষয়টি অন্যতম বিরোধের কারণ ছিল। সরকার বলছে, এ বিষয়ে পিটিআইয়ের সহযোগিতা না পাওয়ায় আলোচনা ভেঙে যায়। তবে পিটিআই এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD