Logo

ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের দল পিটিআইয়ের লংমার্চ শুরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৬:২৪
ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের দল পিটিআইয়ের লংমার্চ শুরু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চের প্রথম ধাপ আজ শুরু হচ্ছে। খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে দুপুর ১টায় এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ট্যাংক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ওয়াজিরিস্তান, উত্তর ওয়াজিরিস্তান, বান্নু ও লাক্কি মারওয়াত থেকে আসা মিছিলও মূল কর্মসূচিতে যুক্ত হবে।

সরকার ও বিরোধীদের মধ্যে দীর্ঘ আলোচনার পর লংমার্চ শুরুর ঘোষণা এলো। তবে প্রস্তাবিত কর্মসূচি এবং সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রীয় সরকার ও খাইবার পাখতুনখোয়া সরকারের সহযোগিতা নিয়ে দুই পক্ষের মতবিরোধের সমাধান হয়নি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার রাতে মিছিলটি কারাকের কাছে অবস্থান করবে। ৫ অক্টোবর দুপুরে কারাক থেকে অংশগ্রহণকারীরা এতে যুক্ত হবেন। দুপুর সাড়ে ১২টায় সেখান থেকে মিছিল কোহাটের উদ্দেশে রওনা হবে।

বিজ্ঞাপন

৬ অক্টোবর কোহাট, হাঙ্গু, কুররাম ও ওরাকজাই থেকে আসা মিছিল এতে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর পেশোয়ারের দিকে এগিয়ে মাতানি এলাকায় রাতে অবস্থান করবে লংমার্চ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় পেশোয়ারের বুধ ভের থেকে আবার যাত্রা শুরু হবে। পথে খাইবার জেলার অংশগ্রহণকারীরা এতে যুক্ত হবেন। পেশোয়ারের অন্যান্য মিছিল কোহাট রোড ব্রিজ ও মোটরওয়ে টোল প্লাজার কাছে মূল মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে চরসদ্দা ইন্টারচেঞ্জের কাছে কর্মসূচি থামবে।

৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় চরসদ্দা ইন্টারচেঞ্জ থেকে আবার মিছিল শুরু হবে। এ সময় চরসদ্দা ও মোহমান্দের মিছিল এতে যুক্ত হবে। এরপর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে আসা অংশগ্রহণকারীরা খাইরাবাদে জড়ো হবেন। সেখানেই লংমার্চের পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

এদিকে পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার বিষয়ে খাইবার পাখতুনখোয়া সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা না পাওয়ায় সরকারের অবস্থান কঠোর হয়েছে।

রানা সানাউল্লাহর ভাষ্য, সন্ত্রাসবাদ মোকাবিলায় পিটিআই ও খাইবার পাখতুনখোয়া সরকার সহযোগিতায় প্রস্তুত থাকলে আবারও আলোচনা হতে পারে। তবে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে লংমার্চ প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে সরকার।

লংমার্চকে ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীতে রেঞ্জার্স মোতায়েনের মেয়াদ বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর আগে ৫ অক্টোবর পর্যন্ত তাদের দায়িত্ব পালনের অনুমতি ছিল। মেয়াদ বাড়ানোর পর রাজধানীতে প্রায় ৩ হাজার রেঞ্জার্স সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সরকার জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে কনটেইনার বসানোসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে পিটিআই বলেছে, তাদের লংমার্চ রাজনৈতিক কর্মসূচি এবং এটি শান্তিপূর্ণভাবেই পরিচালনা করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD