Logo

আলোচনা ব্যর্থ, এবার ইসলামাবাদমুখী পদযাত্রার ঘোষণা দিল পিটিআই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৬:০৫
আলোচনা ব্যর্থ, এবার ইসলামাবাদমুখী পদযাত্রার ঘোষণা দিল পিটিআই
ছবি: সংগৃহীত

পাকিস্তান সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় নির্ধারিত ইসলামাবাদমুখী পদযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান খানের সঙ্গে দলীয় প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি না মেলায় কর্মসূচি প্রত্যাহারে রাজি হয়নি দলটি।

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় পার্লামেন্ট হাউসে সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা শুরু হয়। টানা প্রায় ১১ ঘণ্টা বৈঠকের পর রোববার ভোর ৩টার দিকে আলোচনা শেষ হয়। পরে সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস জানান, আলোচনায় অচলাবস্থা কাটেনি। বিশেষ করে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের বিষয়েও কোনো সমাধান হয়নি।

অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীর দাবি, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভবিষ্যতে সহযোগিতার নিশ্চয়তা দিতে পারেনি খাইবার পাখতুনখাওয়া সরকার। এ কারণেই আলোচনা সফল হয়নি বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার পরবর্তী আলোচনা বা রাজনৈতিক ছাড়ের আগে পিটিআইকে ইসলামাবাদমুখী পদযাত্রা বাতিলের দাবি জানিয়েছে। তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচি প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়ার আগে তাদের প্রতিনিধিদের ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, ৪ অক্টোবর লাক্কি মারওয়াতের গান্ডি চক থেকে পদযাত্রা শুরু হবে। পাঁচ দিনের এই কর্মসূচি ট্যাংক, ডেরা ইসমাইল খান, বান্নু, কারাক, কোহাট, পেশোয়ার ও চারসাদ্দা হয়ে ৮ অক্টোবর খাইরাবাদে পৌঁছাবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে ২৭ সেপ্টেম্বর পদযাত্রা আয়োজনের কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। এবার সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে পিটিআই।

এদিকে বিক্ষোভ মোকাবিলায় পাকিস্তান কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দলটির কয়েক ডজন নেতা ও মন্ত্রী ইতোমধ্যে আটক হয়েছেন কিংবা গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন।

বিজ্ঞাপন

গত সোমবার ইমরান খানের তিন বোনকেও গ্রেপ্তার করা হয়। এমন পরিস্থিতিতে পিটিআইয়ের পদযাত্রাকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাপক নিরাপত্তা মোতায়েনের মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথা স্বীকার করেছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD